ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা অব্যাহত রাখতে ক্যাম্পাসের ভবনগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে স্মারকলিপি দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। স্মারকলিপিতে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ স্বাক্ষর করেন।
এতে বলা হয়, বর্তমানে বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এ পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল সরকারি দফতর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়কেও একটি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রশাসন ভবন, সকল অ্যাকাডেমিক ভবন এবং ছাত্র-ছাত্রীদের আবাসিক হলসমূহে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী বলে আমরা মনে করি।
আরও পড়ুন<<>>বাকৃবির কৃষি অনুষদের নতুন ডিন ড. মাসুম আহমাদ
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে এবং লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব অনেকাংশে হ্রাস পাবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা ও বাস্তবায়নমূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ছাত্রদলের দাবিটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী। বিদ্যুৎ সংকট নিরসনে বাংলাদেশ সরকার দেশব্যাপী সোলার প্যানেল স্থাপনের কার্যক্রমটি হাতে নিয়েছে। ইসলামে বিশ্ববিদ্যালয়েও এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস সোলার প্যানেলের আওতায় আনা সম্ভব হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































