Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ৩১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু।

অনুষ্ঠানের শুরুতেই ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনীসমূহের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ফোকাল পার্সন মারুফ আল্লাম। প্রেজেন্টেশন শেষে ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তাদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক উন্মুক্ত আলোচনা হয়।

কনফারেন্সে ছোটখাটো অপরাধের মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির লক্ষ্যে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে মারামারির মামলায় জখম সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের সঠিক মতামত যেন মামলার শুরুতেই নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে ডিজিটাল সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং সঠিক নিয়মে আলামত সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

আরও পড়ুন<<>>চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর-লুটপাট

ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু ফৌজদারি বিচার ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও কনফারেন্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড অফিসার, বিভিন্ন পর্যায়ের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, পারিবারিক আদালতের বিচারকগণ, জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ, পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা এডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেল সুপার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) স্ব-স্ব মতামত উপস্থাপন ও আলোচনায় অংশ নেন।

কনফারেন্সটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুরাইয়া।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়