Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দিনের মতো সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪০, ১৫ জুলাই ২০২৬

দ্বিতীয় দিনের মতো সড়কে শিক্ষার্থীরা

ছবি: আপন দেশ

দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বুধবার (১৫ জুলাই) রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিন দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসার পরীক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার প্রতিবাদে তারা মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় (সচিবালয়) অভিমুখে লংমার্চ করবেন বলে জানিয়েছেন।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া আন্দোলনকারী শিক্ষার্থী শেখ রিফাত জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও রাজধানীসহ বিভিন্ন চত্বরে তীব্র জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারছে না। এই বৈরী পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে ঠেলে দিয়েছে। আমাদের দাবি স্পষ্ট—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশ করতে হবে।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— চলমান পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আরও পড়ুন<<>>সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলের কারণে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন ও আশপাশের সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের, যার ফলে সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কগুলোতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, ঢাকা সিটি কলেজ কেন্দ্রসহ সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য লংমার্চ ও জমায়েত ঠেকাতে কড়া পুলিশি অবস্থান দেখা গেছে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বড় কোনো জটলা না করে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়। 

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখেও শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। 

বোর্ড সূত্রে জানানো হয়েছে, জলাবদ্ধতার কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলেও, দেশের বাকি সব বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা চলবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়