Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষা চলছে, কেন্দ্রে কেন্দ্রে কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:২৪, ২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা চলছে, কেন্দ্রে কেন্দ্রে কড়া নজরদারি

ছবি: আপন দেশ

শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে এক যোগে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে পরীক্ষা। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে পৃথক প্রশ্নপত্রে।

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার সব পরীক্ষাকেন্দ্রে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হচ্ছে বডি–ওর্ন ক্যামেরা। 

এবারের পরীক্ষায় সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ২০২৫ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। সে হিসাবে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সর্বমোট ১৪৩১৬ জন পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।  

পরীক্ষার সূচি ও বিশেষ ব্যবস্থা
এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে জানানো হয়েছে, সপ্তাহের যেদিন পরীক্ষা থাকবে না, সেদিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম বা ক্লাস যথারীতি পরিচালিত হবে।

প্রসঙ্গত, নকলের জন্য খ্যাত বা বিতর্কিত ভেন্যু কেন্দ্রগুলো এবার পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করে কিছু দূরবর্তী ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে। এছাড়া ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’ ধর্মীয় সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় শনিবারের পরীক্ষাগুলো কেন্দ্রের ভেতরেই সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে। 

৯টি সাধারণ শিক্ষা বোর্ড 
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২০২৫ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ছিল ১০৫৫৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ছিল ৪৯১২৮৪ জন এবং ছাত্রী ছিল ৫৬৪১১৪ জন। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ১০৬৯৭১৪ জন। এর মধ্যে ছাত্র ৪৯২৪০৬ জন এবং ছাত্রী ৫৭৭৩০৮ জন। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সর্বমোট ১৪৩১৬ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ছাত্র ১১২২ জন এবং ছাত্রী ১৩১৯৪ জন। 

২০২৫ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮০৮টি। ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮৮৫টি। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৭৭টি।   

২০২৫ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল ১৬০৫টি। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ১৬২৬।    

আরও পড়ুন<<>>আজ এইচএসসি পরীক্ষা, নজরদারিতে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা 

মাদ্রাসা শিক্ষা বোর্ড 
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০২৫ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ছিল ৮৬১০২ জন। এর মধ্যে ছাত্র ছিল ৪৬৬২৮ জন এবং ছাত্রী ছিল ৩৯৪৭৪ জন। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ৯২৯০৫ জন। এর মধ্যে ছাত্র ৫২০১১ জন এবং ছাত্রী ৪০৮৯৪ জন। পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ৬৮০৩ জন। 

২০২৫ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল ৪৫৯টি। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৪৬১টি। 

২০২৫ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৬৮২টি। ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৭০৫টি। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে প্রতিষ্ঠানের সংখ্যা ২৩টি বৃদ্ধি পেয়েছে। 

কারিগরি শিক্ষা বোর্ড 
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ২০২৫ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ছিল ১০৯৬১১ জন। এর মধ্যে ছাত্র ছিল ৮০১০৩ জন এবং ছাত্রী ছিল ২৯৫০৮ জন। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ১০৭৯৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭৭৫৫২ জন এবং ছাত্রী ৩০৪১২ জন। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থী হ্রাস পেয়েছে ১৬৪৭ জন। 

২০২৫ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল ৭৩৩টি। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৬১০। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে পরীক্ষার কেন্দ্র হ্রাস পেয়েছে ১২৩টি। 

২০২৫ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৮২৪টি। ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৪৯টি। প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২৫টি।  

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীর তথ্য   
২০২৬ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১১৮৬৪৬১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ৭৯৪৪৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৯১৯৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ দশমিক ৪ শতাংশ।   

২০২৬ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম প্রথম বর্ষে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১৩৯৯২৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ৭৮২৬৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৬১৬৬০ জন পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ দশমিক ৭ শতাংশ।  

২০২৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (ভোকেশনাল) (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১৬৫৫৪২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ৭৫১৯৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৯০৩৪৫ জন পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ দশমিক ৫৮ শতাংশ। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়