Apan Desh | আপন দেশ

স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৩, ১৬ মার্চ ২০২৬

স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে আদেশ জারি

ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি বাতিল করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি আর চালু থাকবে না।

এর পরিবর্তে অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনা করা হবে। তবে কী ধরনের প্রক্রিয়ায় ভবিষ্যতে ভর্তি নেয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৫ সালের ১৩ নভেম্বর ও ১৯ নভেম্বর তারিখের স্মারকে জারিকৃত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির দুটি নীতিমালা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন <<>> শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস

গত কয়েক বছর ধরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছিল না। সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হতো।

প্রথমে কেবল প্রথম শ্রেণিতে এ লটারির পদ্ধতি চালু করা হয়েছিল। পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়