Apan Desh | আপন দেশ

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫২, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ২২:৪১, ১৬ মার্চ ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস

ছবি: আপন দেশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) একটি পরিপত্র জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরে এ পরিপত্র প্রকাশ করা হয়। এতে এডহক কমিটির সভাপতি নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও মনোনয়ন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষা বিস্তার ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান বা বিশেষ যোগ্যতা থাকলে মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।

সভাপতি মনোনয়নের বিষয়ে পরিপত্রে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী, এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তিনজন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব পাঠাবেন। মহানগরের ক্ষেত্রে তা বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে পাঠাতে হবে।

প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক এবং সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থাকতে পারবেন। পরে শিক্ষা বোর্ড প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি গঠন নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন<<>> ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

এতে বলা হয়েছে, (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা–২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) অনুযায়ী এডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা অনুসরণ করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধি ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) অনুসারে এ কমিটি গঠন করা হবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করেছিল। তবে গত ১০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও স্কুল এন্ড কলেজ) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ নিয়ে এক সভায় এ যোগ্যতা শিথিল করার বিষয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে পরে শিক্ষা মন্ত্রণালয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়