ছবি: সংগৃহীত
অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন। সোমবার (০৯ মার্চ) ঢাকার আদালত এ রায় ঘোষণা করেন।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী গত ৩ মার্চ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেছিলেন।
মামলার শুনানিতে তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। ওই সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।
আরও পড়ুন <<>> মা হচ্ছেন ৬৬ বছরের অভিনেত্রী
পরে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা এসআই জামাল হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে আসিফ আকবরের বিচার শুরুর আদেশ দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত এ মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































