ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এসময় ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (০৯ মার্চ) মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) থেকে সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদুল ফিতরের ছুটি শেষে যথারীতি ক্লাস ও পরীক্ষা আবার শুরু হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। এজন্য সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন <<>> ইংলিশ মিডিয়াম স্কুল-কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
নির্দেশনায় আরও বলা হয়েছে— দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার করা যাবে না এবং ব্যবহৃত আলোর সংখ্যা কমাতে হবে। অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে হবে।
এছাড়া করিডোর, সিঁড়ি ও শৌচাগারের মতো স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখতে এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। অফিস সময় শেষে সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, আলোকসজ্জা পরিহার করা এবং গাড়ির ব্যবহার সীমিত রেখে জ্বালানি সাশ্রয়ের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































