Apan Desh | আপন দেশ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪২, ৯ মার্চ ২০২৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (০৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদির আল-খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হামলার তথ্য নিশ্চিত করেছে।

নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৩৮)। তিনি সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং সুজাত আলীর ছেলে। এ ঘটনায় তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমান মোশারফ হোসেন। সর্বশেষ দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল তার।

মাহিম জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবার সঙ্গে তার কথা হয়। তখন বাবা বলেন, ঈদের কাপড় কেনার জন্য যা প্রয়োজন তা কিনে নিতে। ইফতারের পর টাকা পাঠাবেন বলেও জানান তিনি। কিন্তু ইফতারের সময়ই ক্ষেপণাস্ত্র হামলায় তার বাবা নিহত হন।

মোশারফের স্ত্রী কবরী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল রাত সাতটার দিকে তার সঙ্গে শেষ কথা হয়েছে। এখন এই দুই সন্তান নিয়ে আমি কীভাবে চলব? আমাদের এখন কে দেখবে?

নিহতের বাবা সুজাত আলী বলেন, আমার ছেলেকে তো আর ফিরে পাব না। এখন অন্তত তার মরদেহটা দেশে ফেরত চাই, যেন শেষবারের মতো তাকে দেখতে পারি। তিনি দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন জানান।

আরও পড়ুন <<>> কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

এদিকে সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ আল রনী, সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, নিহত মোশারফের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী জানান, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়