ছবি: আপন দেশ
রাজধানীর মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে ১১ তলা বিশিষ্ট এলকে ভবন প্লাজাএর একটি বিউটি পার্লারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময় ভবন থেকে উদ্ধার করা হয় ২৪ জনকে, যার মধ্যে ১৪ জন পুরুষ ও ১০ জন নারী।
সোমবার (০৯ মার্চ) আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন।
মামুনুর রশীদ বলেন, দুপুর ১টা ৫২ মিনিটে ভবনের চতুর্থ তলায় আগুন লেগে যায়। খবর পাওয়ার পর মোহাম্মদপুর, কল্যাণপুর ও মিরপুর স্টেশন থেকে সাতটি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে কেউ আটকে নেই।
আরও পড়ুন <<>> মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
উপপরিচালক মামুনুর রশীদ জানিয়েছেন, বিউটি পার্লারটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে সাধারণ প্রসাধনী ছাড়া অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের জন্য থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়নি।
তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলে হয়তো শুরুতেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। সাধারণত দেখা যায়, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং লড়াই না করে কেবল আত্মরক্ষার চেষ্টা করেন।
ঈদের আগে দিনের বেলায় এ দুর্ঘটনা ঘটলেও আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ভবনের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না যাওয়া এবং প্রচুর ধোঁয়ার কারণে তদন্ত চলছে। পরবর্তীতে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































