ছবি: সংগৃহীত
বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে সংস্থার ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের জন্য এ দফতর আদেশ জারি করা হয়েছে।
সোমবার (০৯ মার্চ) ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে এ আদেশ জারি করা হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দেয়া হয়েছে।
দফতর আদেশে বলা হয়েছে, সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহ ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত যানবাহনের জ্বালানি ব্যবহারের পরিমাণ ২০ শতাংশ কমানোর কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্যক্তিগত ও দাফতরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন <<>> ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় লাইট সম্পূর্ণ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজন ছাড়া ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্য বৈদ্যুতিক যন্ত্র চালানো যাবে না।
এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না। অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। সব ধরনের আলংকারিক আলোকসজ্জা পরিহার করার নির্দেশনাও দেয়া হয়েছে।
ডিএসসিসির সব বিভাগ ও আঞ্চলিক অফিসকে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রশাসক। সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এ দফতর আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































