Apan Desh | আপন দেশ

বিসিএস প্রিলিমিনারি না দিতে পেরে গড়াগড়ি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ০০:৪৬, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ০০:৫৯, ২৭ এপ্রিল ২০২৪

বিসিএস প্রিলিমিনারি না দিতে পেরে গড়াগড়ি

রাজশাহীতে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে না পেরে রাস্তায় শুয়ে পড়ে কান্নায় গড়াগড়ি দিয়েছেন এক পরীক্ষার্থী। শুক্রবার (২৬ এপ্রিল) রাজশাহীর সাহেববাজার এলাকার মসজিদ মিশন স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

পরীক্ষার্থী ফাহাদ ফয়সাল বলেন, ‘স্যার আমাকে পরীক্ষা দিতে দিন, এটি আমার জীবনের শেষ পরীক্ষা। তা না হলে আমি মরে যাব স্যার! একটা সুযোগ দিন স্যার।’

একপর্যায়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নে বিভোর ফাহাদ ফয়সাল ওই পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক টপকে হলে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে বাধা দিয়ে ফের ফটকের বাইরে বের করে দেয়। এসময় হলে প্রবেশ করতে না পেরে পরে ফাহাদ ফয়সাল কান্নাজড়িত অবস্থায় রাস্তায় শুয়ে পড়েন। তিনি বার বার বলছিলেন- আমি মরে যাব, এই পরীক্ষা না দিতে পারলে আমি মরে যাব স্যার। আমি আর বাঁচবো না।

এসময় তিনি কেন্দ্রের সামনের রাস্তায় চিৎকার করে কেঁদেছেন। রাস্তায় মাথা ঠুকরে গড়াগড়িও খেয়েছেন, বুক চাপড়ে আহাজারি করেছেন। তবু মন গলেনি পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের।

আরও পড়ুন <> শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, প্রজ্ঞাপন জারি

ঘটনার সময় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এত আহাজারির পরও ফাহাদ ফয়সাল পরীক্ষা দিতে পারেননি। একপর্যায়ে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তিনি কাদতে কাদতে সেখান থেকে চলে যান।

ফাহাদ ফয়সালের বাড়ি নওগাঁ জেলায়। তার বিসিএস পরীক্ষায় অংশ নিতে না পারার কারণ হিসেবে জানা গেছে, পরীক্ষা শুরুর কথা ছিল সকাল ১০টায়। নিয়ম ছিল পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে (সাড়ে ৯টায়) কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। ফাহাদ কেন্দ্রের সামনে যখন এসেছিলেন তখন ঘড়িতে ৯টা ৪০ মিনিট বাজছিল। ইতোমধ্যে পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক বন্ধও করে দেয়া হয়েছিল।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নূর আহমেদ মাছুম বলেন, কয়েকদিন আগে পিএসসি’র চেয়ারম্যান সকল কেন্দ্রসচিবের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং করেন। তিনি নির্দেশ দেন, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেয়া না হয়। সেই নির্দেশনাই পরীক্ষা গ্রহণকালে বাস্তবায়ন করা হয়েছে মাত্র।

আপন দেশ/এমআর 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়