Apan Desh | আপন দেশ

হাসপাতালে নেওয়ার আকুতি জানিয়েছিলেন তৌফিক

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ২৪ এপ্রিল ২০২৪

হাসপাতালে নেওয়ার আকুতি জানিয়েছিলেন তৌফিক

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালের (চুয়েট) তিন শিক্ষার্থী। তাদের একজন তৌফিক হোসাইন। দুর্ঘটনার পরও তার জ্ঞান ছিল। আশপাশে থাকা পথচারীদের আকুতি জানিয়ে বলেছিলেন, ‘আমাকে হাসপাতালে নিয়ে যান ভাই। দয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।’

ওই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তৌফিকের সাদা রঙের প্যান্ট ও কালো শার্ট ছিঁড়ে গেছে। তিনি পড়ে আছেন মাটিতে। তখনো কথা বলছিলেন। আকুতি জানাচ্ছিলেন। এরপর এক পথচারীকে বলতে শোনা যায়, ‘দ্রুত সিএনজি অটোরিকশা ডাক। ৯৯৯ নম্বরে ফোন দে।’

এরপর তৌফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকের কাছে পৌঁছানোর আগে পথেই মৃত্যু হয় পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের এ শিক্ষার্থীর। ঘটনাস্থলের মারা যান একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা। আহত হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া হিমু। গত সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৌফিকের আকুতির ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, তৌফিকের পড়ে থাকার দৃশ্য ভিডিও না করে আরও আগে যদি তাকে হাসপাতালে নেয়া যেত, তবে হয়তো তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল। কারণ, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, তৌফিক কিছুটা স্বাভাবিক থেকে কথা বলার চেষ্টা করছিলেন।

নিহত চুয়েট শিক্ষার্থী তৌফিক হোসাইনের জানাজা গতকাল মঙ্গলবার নোয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে পৌর এলাকার লক্ষ্মীনারায়নপুর মহল্লায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারে মা-বাবা ছাড়াও আছেন আরেক ভাই ও এক বোন। দুপুরে তাদের বাসায় গিয়ে দেখা যায় সবাই শোকে স্তব্ধ হয়ে আছেন।

তৌফিকের মা তাহেরা আক্তার সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুর্ঘটনার পর সাড়ে তিনটায় তৌফিকের সঙ্গে কথা হয়। মোবাইল ফোনে বলল, মা পায়ে ও হাতে ব্যাথা পেয়েছি, মাথা ঠিক আছে। মাথায় ব্যথা পাইনি। আমি ঠিক হয়ে যাব। তুমি চিন্তা করো না। ‘পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মারা গেল,’ বলতেই কেঁদে ওঠেন মা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়