Apan Desh | আপন দেশ

‘বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশ মানায় কঠোর সরকার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪২, ১১ নভেম্বর ২০২৬

‘বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশ মানায় কঠোর সরকার’

ছবি: আপন দেশ

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সাভারের ট্যানারিগুলো আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বন্ধ ট্যানারিগুলোর সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

ট্যানারি শিল্পের উৎপাদন সক্ষমতা কাজে লাগানো, বিনিয়োগ সচল করা এবং চামড়া খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে।

তিনি বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। উৎপাদন শুরু করতে না পারা ট্যানারিগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। 

এ ছাড়া সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন <> আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

মন্ত্রী আরও বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের অবস্থান আরও শক্তিশালী হবে।

দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ জরুরি। 

বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকঋণ নিতে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন পান না। 

এ সমস্যা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণপ্রাপ্তি সহজ করা হবে।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। 

এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রফতানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন। 

পাশাপাশি টেকসই উৎপাদনব্যবস্থা, পরিবেশবান্ধব শিল্পায়ন ও রফতানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। 

নতুন এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রফতানি সম্ভাবনা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এ ছাড়া সিবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়