ছবি: আপন দেশ
প্রচলিত বাজারের বাইরে নতুন গন্তব্যে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। ইউরোপ-আমেরিকার চিরাচরিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বাজার সম্প্রসারণের যে চেষ্টা, তাতে মিলছে ইতিবাচক ফলও।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে নতুন ও অপ্রচলিত বাজারে পোশাক রফতানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। তবে এ প্রবৃদ্ধির চিত্রে রয়েছে এক ধরনের বৈপরীত্য। মোট প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে শুধু তুরস্কের বাজার থেকে।
জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রফতানি বাড়লেও ভারতের বাজারে কমেছে আয়। অর্থাৎ নতুন বাজারে বাংলাদেশের পোশাকের বিস্তার ঘটলেও রফতানি প্রবৃদ্ধিকে টেকসই করতে বাজার বৈচিত্র্য বাড়ানোর চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী গত অর্থবছরের একই সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ২১৬ কোটি ৯৮ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার।
পরিসংখ্যানে দেখা যায়, এ বাড়তি আয়ের প্রায় ৫৩ শতাংশ এসেছে তুরস্কের বাজার থেকে। গত বছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৯ কোটি ৯৭ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারে। প্রবৃদ্ধি হয়েছে ১০৭.০৫ শতাংশ।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে তুরস্কে রফতানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। অপ্রচলিত বাজারে মোট রফতানিতে দেশটির অংশীদারত্বও ৪.৬০ শতাংশ থেকে বেড়ে ৮.৭১ শতাংশে পৌঁছেছে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে জাপানের অংশীদারত্ব ১৮.৪৪ শতাংশ।
আরও পড়ুন <> আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স
দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে রফতানি হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলারের পোশাক, যা আগের অর্থবছরের তুলনায় ৩.০১ শতাংশ বেশি।
অন্যদিকে ভারতে আয় ৫.৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে। দক্ষিণ কোরিয়ায় রফতানি হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারের পণ্য। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮২ শতাংশ।
শীর্ষ পাঁচ গন্তব্যের বাইরের দেশগুলোতেও রফতানির ইতিবাচক ধারা রয়েছে। আলোচ্য চার মাসে এসব দেশে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৪৮ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে এ গন্তব্যগুলোর সম্মিলিত অংশ ৪৪.৭৬ শতাংশ।
অর্থাৎ তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার বাইরে থাকা দেশগুলোও বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে নতুন গন্তব্যে রফাতিন বাড়লেও প্রচলিত বাজারের ওপর নির্ভরতা এখনো অনেক বেশি। জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র মিলিয়ে বাংলাদেশের মোট পোশাক রফতানির ৬৭.৫ শতাংশ গেছে এসব বাজারে।
বিপরীতে অপ্রচলিত বাজারের সম্মিলিত অংশ বেড়ে ১৭.২৫ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬.৭০ শতাংশ। অর্থাৎ, বাজার সম্প্রসারণে অগ্রগতি থাকলেও মোট রফতানিতে নতুন গন্তব্যগুলোর অবস্থান এখনো তুলনামূলক ছোট। একক মাসের হিসাবেও নতুন বাজারে রফতানির ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।
গত অক্টোবরে এসব দেশে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৮.৯৯ শতাংশ বেশি।
অক্টোবরে তুরস্কে রফতানি বেড়েছে ৭৫.৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক পাঠানো হয়েছে। একক মাসের হিসাবে জাপানের পরই ছিল তুরস্কের অবস্থান।
এ সময়ে জাপানে রফতানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য, যা আগের বছরের একই মাসের তুলনায় ১.৬৪ শতাংশ বেশি।
আরও পড়ুন <> মেঘনা গ্রুপে জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
অস্ট্রেলিয়ায় আয় ১১.৩২ শতাংশ বেড়ে পাঁচ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে অক্টোবরে ভারতের বাজারে রফতানি ৫.৪১ শতাংশ কমে চার কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে। একই সময় দক্ষিণ কোরিয়ায় আয় কমেছে ৪.৬০ শতাংশ। দেশটিতে রফতানি হয়েছে তিন কোটি চার লাখ ডলারের পোশাক।
বাজারসংশ্লিষ্টদের মতে, প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হলেও সে সুযোগ কাজে লাগাতে রফতানি গন্তব্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি।
তুরস্কের মতো বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও জাপান, অস্ট্রেলিয়া এবং শীর্ষ পাঁচের বাইরের দেশগুলোতে রফতানি আরো সম্প্রসারণ করতে হবে।
একইসঙ্গে ভারতের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠাও শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































