ছবি : আপন দেশ
১০০ জন তরুণকে আধুনিক কাজের প্রশিক্ষণ প্রদান এবং সরাসরি কর্মসংস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো জেসিআই মানিকগঞ্জের যুব উন্নয়ন প্রজেক্ট ‘স্কিল আপ- এমপাওয়ারিং ইয়ুথ ফর ডিজিটাল এমপ্লয়মেন্ট (সিজন ২)’।
তরুণদের দক্ষতা বাড়িয়ে ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ প্রকল্পে গত বছরের মতো এবারও এমপ্লয়মেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল আন্তর্জাতিক বিপিও (বিপিও) সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস।
উল্লেখ্য, ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের জাতীয় সম্মেলনে (ন্যাটকন) প্রকল্পটি ‘মোস্ট ইমপ্যাক্টফুল প্রজেক্ট’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছিল।
প্রকল্পের চেয়ারম্যান ও জেসিআই মানিকগঞ্জের জিএলসি আর. কে. জ্যান বলেন, তরুণদের ডিজিটাল অর্থনীতির উপযোগী করতে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম (আপওয়ার্ক, ফাইবার), পেশাদার যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের দক্ষ ব্যবহার এবং বিপিও সেক্টরের নানা বাস্তবমুখী কৌশল শেখানো হয়েছে। এতে তারা সরাসরি বৈশ্বিক কাজের বাজারে নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছে।
জেসিআই মানিকগঞ্জের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ৪ নম্বর অনুচ্ছেদ ‘গুণগত শিক্ষা’ এবং ৮ নম্বর অনুচ্ছেদ ‘উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ অর্জনে ধারাবাহিকভাবে দুই বছর ধরে এ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
এমপ্লয়মেন্ট পার্টনার স্কাইটেক সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ বলেন, ‘জেসিআই মানিকগঞ্জের সাথে যৌথ উদ্যোগে গত দেড় বছরে প্রায় ২০০ জন তরুণকে নিখরচায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। স্কাইটেকসহ দেশের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে তাদের সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে চ্যাপ্টারের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ উদ্যোগ কেবল দক্ষ কর্মীই তৈরি করবে না, বরং আগামী দিনে দেশের সফল প্রযুক্তি-উদ্যোক্তা তৈরিতেও বড় ভূমিকা রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































