ছবি: আপন দেশ
রাজধানীর কাফরুলে জ্বালানি তেল মাপে কম দেয়ার ঘটনা শনাক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। এজন্য পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা বা বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পশ্চিম কাফরুল এলাকায় এ অভিযান হয়। এতে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের ঢাকা মহানগরীর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
বিএসটিআই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোবাইল কোর্ট চলাকালে মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেয়া হচ্ছিল।
অর্থাৎ, প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত জ্বালানি তেল কম দেয়ার সত্যতা মেলে। পরিমাপে এমন কারচুপির অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন <<>> ‘প্রকৌশলীকে ঠিকাদারের উপহার ঘুষ হবে না’
অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএসটিআইকে সার্বিক সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের। এসময় প্রতিষ্ঠানটির পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, এ ধরনের অনিয়ম শুধু ভোক্তাদের আর্থিক ক্ষতিই করে না, বরং জনসাধারণের আস্থা ও ব্যবসায়িক নৈতিকতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। বিশেষ করে জ্বালানি তেলের মতো অত্যাবশ্যকীয় পণ্যের পরিমাপে এ ধরনের কারচুপি অত্যন্ত গুরুতর অপরাধ।
আপন দেশ/কেএম/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































