স্বর্ণের অলঙ্কার
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ফলে দেশের বাজারে আবারও কমেছে মূল্যবান এ ধাতুর দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
আরও পড়ুন<<>>মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ১০৮ ডলার ছাড়াল তেলের দাম
এ নিয়ে চলতি বছর এ নিয়ে এখন পর্যন্ত দেশের বাজারে ১১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৫৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ভ্যাটসহ ৫ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত রুপার দাম ৬৯ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো এবং ৩৪ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিনবার কমেছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































