ফাইল ছবি, আপন দেশ
জাতীয় বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। একই সঙ্গে রুপার দামও কমেছে, ফলে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্বর্ণের নতুন দর পুনর্নির্ধারণ করা হয়েছে, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
আরও পড়ুন<<>>ফিরছে সেরা করদাতা পুরস্কার
এর আগে মাত্র একদিন আগেই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ১০ জুনের ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনের ব্যবধানে মোট মূল্যহ্রাস দাঁড়িয়েছে ভরিতে ১১ হাজার টাকারও বেশি।
চলতি বছরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ৭৩ বার। এর মধ্যে দাম বেড়েছে ৩৭ বার এবং কমেছে ৩৬ বার। ২০২৫ সালেও মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে অধিকাংশ সময়ই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দরপতন দেখা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ৫৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দামের এই পতনের সময়েই জাতীয় বাজেট ঘিরে নতুন অর্থনৈতিক ঘোষণা আসার অপেক্ষা চলছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































