ছবি: আপন দেশ
ঈদুল ফিতরের আগেই দেশের প্রায় সব পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ পরিস্থিতি’ শীর্ষক এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মাহমুদ হাসান খান জানান, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১ শতাংশ কারখানা এবং অবশিষ্ট দুটি কারখানায় প্রক্রিয়া চলমান। একইভাবে ৯৯.৮১ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে, বাকি চারটি কারখানায় তা প্রক্রিয়াধীন। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও ৬৪.০৩ শতাংশ কারখানা মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম প্রদান করেছে।
তিনি বলেন, ঈদযাত্রায় মহাসড়কের চাপ কমাতে এলাকাভিত্তিক ধাপে ধাপে ছুটি দেয়া হচ্ছে। ১৭ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ কারখানায় ছুটি হয়েছে এবং বাকি কারখানাগুলো আজ ও আগামীকালের মধ্যে ছুটি দেবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে দেশের পোশাক শিল্প বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে রফতানি আয় ৩.৭৩ শতাংশ কমেছে। একই সময়ে কাঁচামাল আমদানির জন্য ব্যাক-টু-ব্যাক এলসি খোলা ৬.৭৯ শতাংশ কমেছে এবং পোশাকের গড় ইউনিট মূল্য ১.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়া আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও বিশ্ববাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি করছে।
আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকে নতুন পরিচালক আব্দুল হামিদ
দেশীয় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে গত পাঁচ বছরে গ্যাসের দাম ২৮৬ শতাংশ এবং বিদ্যুতের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘাটতি, উচ্চ সুদহার, ব্যাংকিং খাতে তারল্য সংকট ও চলতি মূলধনের অভাব।
মাহমুদ হাসান খান বলেন, উদ্যোক্তারা ঋণের চাপ থাকা সত্ত্বেও এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তহবিল সংগ্রহ করে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করেছেন। বিজিএমইএ, ব্যাংক, মালিক ও শ্রমিক ফেডারেশনগুলোর সমন্বয়ে সংকটে থাকা কারখানাগুলোর সমস্যাও সমাধান করা হয়েছে।
তিনি জানান, বিজিএমইএর তালিকাভুক্ত কোনো কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে এখন আর কোনো অমীমাংসিত সমস্যা নেই।
বিজিএমইএ সভাপতি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং দ্রুত ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা শিল্পের তারল্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং শ্রম মন্ত্রণালয়ের সচিবকে কৃতজ্ঞতা জানান।
সবশেষে তিনি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহবান জানান এবং মহাসড়কে নজরদারি জোরদারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































