ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতে ‘আস্থা বাড়ানোকে’ মূল কাজ ধরে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব শুরু করতে চান। একই সঙ্গে সুদের হার কমিয়ে আনার চেষ্টাও করবেন বলে জানিয়েছেন গভর্নরের নতুন দায়িত্ব পাওয়া এ ব্যবসায়ী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুরকে নতুন গভর্নরের দায়িত্ব দিয়েছে তারেক রহমানের সরকার। অন্তর্বর্তী সরকারের সময় গভর্নর হওয়া আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।
গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়ে কী ভাবছেন- এমন প্রশ্নে মোস্তাকুর রহমান বলেন, জানেনইতো অর্থনীতির অবস্থা, ব্যাংকিং খাতের অবস্থা। তাই এ সময়ে এ দায়িত্ব নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং। ইনশাল্লাহ, আগে ব্যাংকে বসি। সবার সাথে আলোচনা করি। আশা করি সবার সহযোগিতা নিয়ে প্রধান কাজটা হবে- আগে ‘ট্রাস্ট বিল্ডিং’ ব্যাংকিং খাতে। শৃঙ্খলা আরও ফিরায়ে নিয়ে আসা। নিশ্চয়ই আগের গভর্নর (আহসান এইচ মনসুর) অনেকখানি নিয়ে আসছে, আরও নিয়ে আসা।
তিনি আরও বলেন, আরেকটা হচ্ছে আমাদের যেটা প্রধান থাকবে যে প্রবৃদ্ধির লক্ষ্য করে আমাদের অর্থনীতিকে যতটুকু রান করা যায়। আপনি জানেন যে ঋণের প্রবৃদ্ধি কমে আসছে। এরজন্য চেষ্টা করা- সুদের হারকে কমায়ে নিয়ে আসা। এ কাজগুলো করা।
তাকে দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রথম কোনো ব্যবসায়ী গভর্নর হচ্ছেন। পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এ প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেয়া হল। যা এ খাত সংশ্লিষ্ট অনেককে বিস্মিত করেছে।
চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ।
আরও পড়ুন <<>>গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করার অভিযোগ
দেড় বছরের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে বুধবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেখানে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা বলা হয়েছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে স্থাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে তিনি এফসিএমএ করেন মোস্তাকুর। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রফতানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন।
নতুন দায়িত্বে যোগ দিতে ইতিমধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান হেরা সোয়েটার গার্মেন্ট ছেড়ে দেয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বলে তুলে ধরেন তিনি। সবশেষ শুধু এ প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত ছিলেন। নতুন গভর্নর হিসেবে তার করণীয় বিষয়ে জানতে চাইলে মোস্তাকুর রহমান বলেন, আমাদের আগে কাজ করতে হবে। মানে আমরা কথা বলে ফেললাম, কাজ করতে পারলাম না–এরকম যাতে না হয়। আগে কাজ করি, দোয়া করেন। সবার সহযোগিতা চাই।
ব্যবসায়ী কোনো সংগঠনের নেতৃত্বে তাকে দেখা না গেলেও পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনে সদস্য হিসেবে ছিলেন মোস্তাকুর রহমান। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে কাজ করে আসছিলেন তিনি। ১৯৬৬ সালে ঢাকায় তার জন্ম। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































