Apan Desh | আপন দেশ

জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:১৮, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:১৯, ১৭ ডিসেম্বর ২০২৫

জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ফাইল ছবি

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, দুটি মামলায় মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ ৩২ জন এবং অপর মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে। 

আরও পড়ুন<<>>‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দুর্নীতি কমে আসবে’

দুদকের করা একটি মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন পরিচালক এবং জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে কোভিড প্রণোদনা, এলটিআর লোনসহ বিভিন্ন খাতে ঋণ গ্রহণ করে সুদে-আসলে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অপর মামলায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন উপায়ে ঋণ নিয়ে সুদে-আসলে ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক শাহানা ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদ এবং জনতা ব্যাংকের ২১ জন কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

দুটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়