Apan Desh | আপন দেশ

রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা জোরদার

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০০, ২৯ নভেম্বর ২০২৬

রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা জোরদার

ছবি: আপন দেশ

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। অন্য দুটি বিস্ফোরিত হয়নি। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার পর ভূমি অফিসে এ হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে বেলা ১২টায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি সাড়ে ১২টায় পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলার ইউএনও মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয়া হয়েছে। ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আরও পড়ুন<<>>গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে কোনো আপস নয়: আইনমন্ত্রী

জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকেও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমান বন্দর এবং পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে। নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।

ইউএনও বলেন, সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। তাই কোথাও কোনো দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেলে জনগণকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে।

আপন দেশ /এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়