Apan Desh | আপন দেশ

আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৭, ১৭ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ছবি: আপন দেশ

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা চালিয়েছে। এ হামলায় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় নিহত হয়েছেন রাজু মোল্লা। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়।

এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।

ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন <<>> ‘জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল’

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। তখন আমাদের কিছু করার ছিল না।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলে তার এ মৃত্যু হয়। তবে এ মুহূর্তে নিশ্চিত করে দুটির একটিও বলতে পারছি না। 

তিনি বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য পুলিশ কাজ করছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়