ছবি: আপন দেশ
দেশীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণন বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে নাটোরে দিনব্যাপী গুড় উৎসব-২০২৬ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গুড়সহ দেশীয় পণ্যের ১৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে প্রদর্শিত পণ্য ঘুরে দেখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসবকে ঘিরে দর্শনার্থী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
উৎসব দেখতে আসা দর্শনার্থী রবিউল করিম বলেন, এ ধরনের আয়োজন আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সম্পর্কে জানার এবং কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে। প্রতিবছর এ ধরনের উৎসব আয়োজন করা হলে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।
আরও পড়ুন<<>>গ্যাস সিলিন্ডার কিনে রসিদ পাচ্ছেন না ক্রেতারা
উদ্যোক্তা ময়না বলেন, এ উৎসবের মাধ্যমে আমাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ হয়েছে। এতে পণ্যের পরিচিতি বাড়ার পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার বলেন, এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করছি। একই সঙ্গে ঐতিহ্যবাহী গুড়সহ অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, উৎসবের উদ্দেশ্য, কার্যক্রম ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। এ আয়োজনের সুফল যেন সব শ্রেণির মানুষ ও উদ্যোক্তারা পান, সে জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবের সফলতা কামনায় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































