ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করা হয়েছে। এ সময় দুটি বস্তায় থাকা তিন কোটি টাকা লুট হয়েছে। এ ঘটনায় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
প্রাইভেটকারচালক লাল মিয়া ও স্থানীয়দের বলেন, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের চার কোটি টাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে নরসিংদী থেকে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে গাড়িটি শ্রীপুর উপজেলার কর্ণপুর এলাকায় গজারি বনের পাশে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গুলি ছুড়ে গাড়িটির গতিরোধ করেন।
এসময় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি লুট করে পালিয়ে যায়।
আরও পড়ুন <<>> শিগগিরই মিলছে রূপপুরের বিদ্যুৎ
ওই দুটি বস্তায় তিন কোটি টাকা ছিল বলে দাবি করা হয়েছে। এসময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তিতে প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































