ছবি: আপন দেশ
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বহনকারী ট্রলি নিয়ে দ্বন্দ্বে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় চারজন আনসার সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে ৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃতরা হলেন— বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)।
পুলিশ জানায়, তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে চিকিৎসার জন্য তার বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে পৌঁছানোর পর রোগী বহনকারী ট্রলি ব্যবহার করা নিয়ে ট্রলি চালকের সঙ্গে ওই তরুণের বন্ধুদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজন ও বন্ধুরা ক্ষিপ্ত হয়ে ট্রলি চালক নাহিদকে মারধর করতে থাকেন।
আরও পড়ুন<<>>এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে কমিটি
সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা বিষয়টি দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন এবং মারধর থামাতে চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা আনসার সদস্যদের ওপরও চড়াও হয় এবং তাদের বেধড়ক মারধর শুরু করে। এ হামলায় চার আনসার সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ এবং অতিরিক্ত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকেই হামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন জানান, হট্টগোল থামাতে গিয়ে কর্তব্যরত আনসার সদস্যরা হামলার শিকার হয়েছেন। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































