Apan Desh | আপন দেশ

গাজীপুরে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১১, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২২, ২ নভেম্বর ২০২৬

গাজীপুরে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা

ছবি: আপন দেশ

শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুরের প্রায় দেড় শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) কর্তৃপক্ষ ওইসব কারখানায় ছুটি ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিনের মতো সোমবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে।
ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

কোনো কোনো এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও কিছু এলাকায় দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এর মধ্যে নাওজোর এলাকায় পুলিশের একটি গাড়িতে এবং সফিপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

এছাড়া কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ, বিজিবি ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক ও বিজিবির এক সদস্য আহত হন।

আরও পড়ুন <<>> আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করেন। এছাড়া দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলন নাশকতায় রূপ নিয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুর থেকে গাজীপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও বিজিবি সদস্যরা। পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। এসব ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়