ছবি : আপন দেশ
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজ. ৩১৪) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
নির্বাচন প্রক্রিয়া স্থগিতের জন্য আদালতের দ্বারস্থ হলে আইনজীবীকে চাপ প্রয়োগ করে রিট আবেদন প্রত্যাহারে বাধ্য করারও অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কুড়িগ্রাম প্রেসক্লাবে ‘প্রকৃত শ্রমিকবৃন্দ, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল, আলম হোসেন, জয়নাল আবেদীন ও বাবু মিয়া।
অভিযোগ করে বক্তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রকৃত শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে নানা অনিয়ম করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
গরুর গাড়ি প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী মালিক পক্ষের হওয়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট করলে তার আইনজীবীকে চাপ প্রয়োগ করে আবেদন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরুল ইসলাম বলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ সরকারি পদ ও কার্যালয় ব্যবহার করে আইনজীবী মানিক চন্দ্র বর্মনকে ভয়ভীতি দেখিয়ে ওকালতনামা ও প্রত্যাহার আবেদনে স্বাক্ষর নেয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































