Apan Desh | আপন দেশ

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ গাইবান্ধায়, ২ কর্মকর্তা বরখাস্ত

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:০১, ২ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:২৬, ২ আগস্ট ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ গাইবান্ধায়, ২ কর্মকর্তা বরখাস্ত

ছবি: আপন দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। স্বাস্থ্যসেবার বিভিন্ন অনিয়ম দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় সরকারি র‍্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন রোগীদের না দেয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী ও মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (০২ আগস্ট) সকালে মন্ত্রী প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে রোগীদের অভিযোগের ভিত্তিতে সরকারি ওষুধ ও র‍্যাবিস ভ্যাকসিন বিতরণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পরে তিনি গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো, ওষুধ সরবরাহ এবং ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা নিয়ে তাদের মতামত শোনেন। 

আরও পড়ুন<<>>সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর-২ আসনের এমপি আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে মন্ত্রীর সফরের সময় গাইবান্ধা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে সচেতন নাগরিক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনকারীরা মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ জানান। মন্ত্রী তাদের সঙ্গে কথা বলে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার মাত্র সাড়ে পাঁচ মাস হলেও স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্নীতি রোধে কাজ করছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়গুলো নোট করা হয়েছে এবং ঢাকায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা গাইবান্ধা জেনারেল হাসপাতালের ৯ তলা নতুন ভবনের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও জনবল নিয়োগ সম্পন্ন করে ভবনটি পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়