Apan Desh | আপন দেশ

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ৭ জুলাই ২০২৬

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ফাইল ছবি

এবার রাঙামাটির ঐতিহ্যবাহী ‘সাজেক ভ্যালি’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারি বর্ষণ ও পাহাড়ধসের কারণে এ পর্যটক নিষেধাজ্ঞা দিয়েছে দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য বড় ধরণের ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

আরও পড়ুন <<>> বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, ঘাটে ফিরছে জেলেরা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। 

এছাড়া সমগ্র জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়