Apan Desh | আপন দেশ

থ্রি-পিস পরে ব্রাজিলে জয় উদ্‌যাপন, বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ৫ জুলাই ২০২৬

থ্রি-পিস পরে ব্রাজিলে জয় উদ্‌যাপন, বিএনপি নেতা বহিষ্কার

ছবি : আপন দেশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টু। তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (০৫ জুলাই) উপজেলা বিএনপির দফতর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক বহিষ্কারপত্রে বিষয়টি জানানো হয়। পরে তিনি বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদ এবং গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের জয়ের পর খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে উদ্‌যাপন করেন। সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন <<>> ভূঞাপুরে ১১ গাঁজার গাছসহ একজন গ্রেফতার 

তবে উপজেলা বিএনপির দফতর সম্পাদক হারুন অর রশিদ বলেন, শুধু ভিডিও নয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়