Apan Desh | আপন দেশ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৫:২৩, ৪ জুন ২০২৬

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

ছবি: আপন দেশ

সুন্দরবন থেকে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে দস্যুদের একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (০৩ জুন) বিকেলে কোস্ট গার্ড সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। অভিযানে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে দস্যু বাহিনীর একটি আস্তানা ধ্বংস করা হয়। 

আরও পড়ুন<<>>শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চার কিশোর আটক

পরে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দস্যুতা ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোস্ট গার্ডের চলমান দস্যু দমন অভিযানের কারণে একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচার উপেক্ষা করে কোস্ট গার্ডের দস্যু ও অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়