ছবি: আপন দেশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির ‘প্রধান পীর’ আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফ’-এ ঘটনাটি ঘটে। নিহত শামীম ওই ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে। জানা যায়, ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়। তারা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামীমসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আরও পড়ুন <<>> জয়পুরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, চার জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































