Apan Desh | আপন দেশ

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৬

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৫১, ২৬ মার্চ ২০২৬

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৬

ছবি: আপন দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন, পাশাপাশি রয়েছে এক শিশুর মরদেহও।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে তলিয়ে যাওয়া বাস উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার তৎপরতা জোরদার করতে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিশেষ সহকারী দলও যুক্ত হয়।

প্রায় ৬ ঘণ্টা পর, রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নদীর তলদেশ থেকে বাসটি ওপরে তুলে আনে। এরপর বাসের ভেতর থেকে একে একে মরদেহ উদ্ধার করা হয়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাস থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বাস নদীতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুজনের মরদেহ উদ্ধার করেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, পরে উদ্ধার অভিযানে আরও মরদেহ পাওয়া যায়, যার মধ্যে এক শিশুও রয়েছে।

আরও পড়ুন <<>> চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী ভেসে উঠেন। তাদের মধ্যে রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫) নামে দুই নারী নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ার ভবানীপুরের চিকিৎসক ডা. নুসরাত (২৯) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়