ছবি: আপন দেশ
ঠাকুরগাঁও উপজেলার রাণীশংকৈল উপজেলার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের দেয়াল চাপা পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সদা হাস্যোজ্জ্বল এ কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুল ইসলামের ঘরের টিনের চালা উড়ে যায়। এসময় ঘরের ইটের প্রাচীরের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
আরও পড়ুন <<>> বজ্রপাতে দুইজনের মৃত্যু
এদিকে টানা দুই দিনের ঝড়ে উপজেলার কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, আলুসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়েছে এবং ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































