Apan Desh | আপন দেশ

ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রিসভায় শাহে আলম

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রিসভায় শাহে আলম

তারেক রহমান ও মীর শাহে আলম। ছবি: ফাইল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এর মাধ্যমে প্রায় তিন দশক পর বগুড়া থেকে কেউ মন্ত্রিপরিষদে স্থান পেলেন।

সবশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় জেলাটি মন্ত্রিত্বশূন্য ছিল। যদিও খালেদা জিয়া এবং তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে পরে প্রধানমন্ত্রী হয়েছেন।

মীর শাহে আলম বর্তমানে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি। ১৯৯৭ সালে তরুণ বয়সে তিনি শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন।

এবারের নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপি প্রথমে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী ঘোষণা করে। তবে ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে দলীয় মনোনয়ন পান মীর শাহে আলম।

আরও পড়ুন <<>> ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তিনি এক লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, মীর শাহে আলম তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত ও ত্যাগী নেতা। নানা ষড়যন্ত্র ও কালোটাকা ছড়ানোর পরও শিবগঞ্জবাসী বিপুল ভোটে তাকে বিজয়ী করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়