ছবি: বাহফে
চলমান এশিয়ান গেমসের হকি ইভেন্টে বড় ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) লাল সবুজের প্রতিনিধিরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়।
এদিন জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই তিন গোল করে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে তারা।
বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ কমায়নি দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। শেষ কোয়ার্টারেও আসে একটি গোল। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন<<>>আর্জেন্টিনা কোচের কাছে শিষ্যদের আকুতি
এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের অভিষেক হয়েছিল চীনের বিপক্ষে। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়া টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখলো কোরিয়ান মেয়েরা।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কোরিয়া। সমান ম্যাচে এখনও পয়েন্টের দেখা না পাওয়া বাংলাদেশ গোল ব্যবধানে রয়েছে গ্রুপের তলানিতে। গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে রিয়ারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































