Apan Desh | আপন দেশ

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতের মুখোমুখি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণা চলাকালীন জামায়াত ও বিএনপির দুইপক্ষ আলাদা মিছিল বের করলে একপর্যায়ে তারা মুখোমুখি হয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়।

আহতদের ট্রলারযোগে চন্দ্রদ্বীপ থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম এখনও জানা যায়নি।

জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন হামলা চালায়। এতে ১৫ জন কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন <<>> ‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে’

বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, তারা আমার একজন কর্মীকে কুপিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। এ বিষয়ে এখন বেশি কিছু বলতে পারব না। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, চন্দ্রদ্বীপে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। নদী ও সাগরবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে ছোটখাটো উত্তেজনা চলছিল। সংঘর্ষের এ ঘটনাও তার ধারাবাহিকতা। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়