ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটি রামগতির দক্ষিণাঞ্চলের মেঘনা উপকূলীয় চর এলাকায় নির্বাচনকালীন স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি তোলা হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান জেএসডির মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী জলদস্যু ও স্থল দস্যুদের একত্রিত করে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছেন। এতে নির্বাচনি পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তিনি।
বেলায়েত হোসেন জানান, লক্ষ্মীপুর-৪ আসনের বিভিন্ন চরাঞ্চলে প্রায় লক্ষাধিক ভোটার রয়েছে। এসব এলাকায় হাতিয়া ও বয়ারচরের জলদস্যু এবং স্থল দস্যুদের সমন্বয়ে গঠিত একটি অস্ত্রধারী চক্র সক্রিয় রয়েছে। তার দাবি, এ চক্র ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার লুট এবং ভোটের বাক্স ছিনতাইয়ের পরিকল্পনা করছে।
এ প্রেক্ষাপটে চর রমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নে স্থায়ী সেনাক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গঠনের অভিযোগ তুলে বেলায়েত হোসেন বলেন, প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বয়ারচরের ডাকাতদের নিয়ে চরে বৈঠক করেছেন। তিনি হাতিয়ার ডাকাতদের ভাড়া করেছেন বলেও অভিযোগ করেন। তার দাবি, চরের চিহ্নিত দস্যুদের একত্র করে প্রচারণা চালানো হচ্ছে। এমনকি বয়ারচরের চিহ্নিত ফরিদ ডাকাতকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা
তিনি বলেন, এসব ঘটনায় চরাঞ্চলের ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। এতে সুষ্ঠু ভোটগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বেলায়েত হোসেন আরও জানান, গত ৮ জানুয়ারি রামদয়াল বাজারে জেএসডির নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিলেও এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশের লুট হওয়া অস্ত্রও উদ্ধার হয়নি বলে তিনি দাবি করেন। অস্ত্রধারীদের গ্রেফতার না হওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে নির্বাচনি পরিবেশ স্বাভাবিক করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেএসডির জেলা সভাপতি অধ্যাপক মনছুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিয়াজুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































