ছবি: আপন দেশ
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের তার খুলে ফেলার পর এক পর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়।
সেখান থেকে আগুনের সূত্রপাত হলে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদেরও সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন : বাংলা কিউআরে তাৎক্ষণিক জমা হবে মার্চেন্টের টাকা
এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেয়া হয় বলেও পুলিশের ভাষ্য।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুরের খবর পেয়েছি৷ সেই সঙ্গে সিটি করপোরেশনের গাড়িতে আগুনের ঘটনাও আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
এদিকে মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































