ছবি : আপন দেশ
‘সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট’ স্লোগান সামনে রেখে উদযাপিত হলো ‘স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের (এসএসপিএল)’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
দেশের স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার ছিল ‘একটি ফ্ল্যাটের মালিক হবে একটি পরিবার’।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। উৎসবমুখর এ আয়োজনে পুরো প্রাঙ্গণটি আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপ্ন শহর প্রোপার্টিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, বাংলাদেশে আজ আবাসন সংকট একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজের একটি ছাদের নিচে মাথা গোঁজার স্বপ্ন অধরাই থেকে যায়। আমরা সে কঠিন বাস্তবতাকে পরিবর্তন করতে চাই। স্বপ্ন শহর প্রোপার্টিজ শুধু একটি আবাসন ব্যবসা নয়, এটি মানুষের স্বপ্ন পূরণের একটি বিশ্বস্ত মাধ্যম। মাত্র এক বছরের পথচলায় আমরা সাধারণ মানুষের যে আস্থা অর্জন করেছি, তা আমাদের আগামী দিনের পথচলাকে আরও গতিশীল করবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, উন্নত জীবনের অধিকার সবার রয়েছে। তাই মুনাফা অর্জনের চেয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ফ্ল্যাট হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও আমাদের এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন <<>> সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তাৎক্ষণিক তলব
স্বপ্ন শহর প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোরশেদ আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আমরা সততা, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছি। আজকের এ দিনে আমি আমাদের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং মাঠপর্যায়ে কর্মরত সকল কর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে স্বপ্ন শহর প্রোপার্টিজ আজ এ অবস্থানে এসে পৌঁছেছে।
আমাদের প্রজেক্টগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভূমিকম্প সহনশীল ও পরিবেশবান্ধব নির্মাণশৈলী ব্যবহার করা হচ্ছে, যাতে ক্রেতারা সর্বোচ্চ মানের সেবা পান।
তিনি আরও যোগ করেন, আমরা নামমাত্র মূল্যে এবং মাত্র ১৬ হাজার টাকা কিস্তিতে ফ্ল্যাট ক্রয়ের সুযোগ করে দিয়েছি, যাতে সাধারণ মানুষ কোনো বাড়তি মানসিক চাপ ছাড়াই তাদের আজীবনের জমানো টাকায় বা কিস্তিতে নিজস্ব ফ্ল্যাটের মালিক হতে পারেন।
বুকিংয়ের ৫ বছরের মধ্যে ক্রেতাকে তার ফ্লাট বুঝিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল পর্বের সূচনা করা হয়। এরপরে প্রতিষ্ঠানটির বিগত এক বছরের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বল্প আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বপ্ন শহর প্রোপার্টিজের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও নানা পেশার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































