Apan Desh | আপন দেশ

খামারিকে আটকে গোয়াল ঘরে আগুন, ৮ গরু দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

খামারিকে আটকে গোয়াল ঘরে আগুন, ৮ গরু দগ্ধ

দগ্ধ গরুর চিকিৎসা দেয়া হচ্ছে

নোয়াখালীর কবিরহাটে রাতের আাঁধারে গরুর খামারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা ৮টি গরু দগ্ধ হয়। এর মধ্যে ১টি বাছুর আগুনে পুড়ে মারা যায়। ২টি জবাই করে দেয়া হয়েছে। আগুনে খামারটির প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত খামারের মালিক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ওসি মো.শাহীন মিয়া। এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালা মিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি শাহজাহান বলেন, গত ২০ বছর ধরে তিনি গরুর খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে তার খামারে ৬টি বড় গরু ও ২টি বাছুর ছিল। রোববার রাত ১টার দিকে গরুর দুধ দোহনের পর খামার বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে খামার থেকে গরুর ডাক শুনে জানালা দিয়ে দেখেন খামারে আগুন জ্বলছে।

তিনি আরও বলেন, খামারে থাকা গরুগুলোর গায়ে আগুন জ্বলতে দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখি বাহির থেকে দরজা বন্ধ করে দেয়া। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাইরে থেকে আটকানো দরজা খুলেদেয়। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ৮টি গরু ও গোখাদ্য পুড়ে যায়। এর মধ্যে একটি গরু রাতেই মারা যায়।

তিনি অভিযোগ করে বলেন, জমি নিয়ে বাড়ির একপক্ষের সঙ্গে তার বিরোধ চলছে। গত কয়েকদিন ধরে তাকে হুমকিও দিচ্ছিল। এর জের ধরে খামারে তারাই আগুন দিয়েছে বলে তার ধারণা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুস বলেন, সব গরুর শরীরের এক দ্বিতীয়াংশ ও তৃতীয়াংশ পুড়ে গেছে। যার মধ্যে ২টি জবাই কর হয়েছে। বাকিগুলোকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। তবে তাতে মনে হয়না গরুগুলো বাঁচানো সম্ভব হবে। তারপরও আমাদের টিম চেষ্টা করে যাচ্ছে।

ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়