Apan Desh | আপন দেশ

ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩২, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৭, ১১ নভেম্বর ২০২৪

ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতন আদায়ের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা তৃতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত শনিবার সকাল থেকে মহাসড়কটি অবরোধ করে রেখেছেন।

পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও তিন দিন ধরে চলা এই সমস্যার সমাধান করতে পারছে না।

সোমবার (১১ নভেম্বর) সকালে সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার পুলিশ ও প্রশাসনের লোকজন এসে তাদের বেতন পরিশোধ করার জন্য সাত দিনের সময় চান। কিন্তু শ্রমিকরা সেটা মানেননি। কারণ গত প্রায় এক মাস ধরে একাধিকবার তারিখ দিয়েও মালিক এবং প্রশাসন তাদের কথা রাখতে পারেনি। তাই তারা কোনো কথাতেই আশ্বস্ত হতে পারছেন না। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

জানা যায়, শ্রমিকরা দ্বিতীয় রাতও মহাসড়কে কাটিয়েছে। তারা পালাক্রমে মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ করছেন। সড়কের পূর্ব পাশে একটি অটোরিকশায় মাইক লাগিয়ে শ্রমিকদের মহাসড়কে অবস্থান করতে বলা হচ্ছে।

এদিকে শ্রমিক অবরোধের কারণে তৃতীয় দিনের মতো গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার গণপরিবহনের যাত্রী, শ্রমিক, কর্মচারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। 

দেশের দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে গাজীপুর চন্দনা চৌরাস্তায় নেমে পায়ে হেঁটে অথবা বিকল্প পথ দিয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করতে হচ্ছে। আর ঢাকা থেকে যে সকল মানুষ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা বিকল্প পথ দিয়ে গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা হয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া গাজীপুর ভোগড়া বাইপাস দিয়ে এবং জয়দেবপুর থেকে বনমালা হয়ে টঙ্গী দিয়েও কিছু যানবাহন চলাচল করছে।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের এক চালক ঢাকা পোস্টকে জানান, শনিবার সকাল ৯টা থেকে তিনি কলম্বিয়া গার্মেন্টসের উত্তর পাশে এসে আটকা পড়েছেন। ওইদিন যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে চলে গেলেও তিনি এবং তার দুই সহকারী তিন দিন যাবত আটকা পড়ে আছেন।

তিনি আরও জানান, রাস্তা বন্ধ থাকায় ঘুরে পেছন দিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। তিন দিন ধরে গোসল খাওয়াসহ নানা সমস্যায় পড়লেও কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গাড়িতেই অবস্থান করছেন।

একইভাবে উত্তরাঞ্চল থেকে মালবোঝাই কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম হোসেন বলেন, তিন দিন যাবত আটকা পড়ে আছি সড়কে। কোম্পানির মাল ঢাকায় পৌঁছাতে হবে। কিন্তু সড়ক অবরোধের কারণে যেতে পারছি না। খাওয়া ও গোসলে মারাত্মক সমস্যা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, শনিবার আন্দোলনের শুরু থেকেই গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আমাদের ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন, শিল্প পুলিশ ও যৌথ বাহিনী সকলে মিলে কলম্বিয়া গার্মেন্টসের সামনে টিএনজেড এর শ্রমিক ভাইয়েরা যে অবরোধ করে রেখেছে, আমরা তাদের বারবার বলেছি রাস্তাটা ছেড়ে দিয়ে সরে যাওয়ার জন্য। কিন্তু তারা যে বেতন পাচ্ছে না, এটার দাবিতে তারা অবস্থান নিয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়টি বিজিএমইএ’সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের আলোচনা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement