Apan Desh | আপন দেশ

বজ্রপাতে চার জেলায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫০, ২১ মে ২০২৬

বজ্রপাতে চার জেলায় ৬ জনের মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

বজ্রপাতে বরিশাল, নাটোর, নওগাঁ ও কুড়িগ্রাম জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (২১ মে) দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় এসব আহত ও নিহতের ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বরিশাল

বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাহিলাড়ার ভীমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

আহত ব্যক্তি হলেন, দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০)।

নাটোর

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে মো. এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় আহত হন আরও দুজন। আহতরা হলেন, শাপলা খাতুন (৩০) ও সুফিয়া (৫০)।

নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পারইল গ্রামের আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)। রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষিকাজ করতে মাঠে গেলে বৃষ্টি শুরু হওয়ার পর বজ্রপাতে তারা মারা যান বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রফিকুল ওই এলাকার নুরজামালের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়