Apan Desh | আপন দেশ

রাজধানীতে মাঝরাতে শিলাবৃষ্টি-ঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪২, ২৪ মার্চ ২০২৪

আপডেট: ১২:৪৮, ২৪ মার্চ ২০২৪

রাজধানীতে মাঝরাতে শিলাবৃষ্টি-ঝড়

রাজধানী ঢাকায় মাঝরাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়েছে। অন্তত আধঘণ্টা চলে শিলাবৃষ্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এখন বয়ে যাচ্ছে হালকা বাতাস। এতে ঠাণ্ডা অনুভব হচ্ছে।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত রাত দুইটার দিকে ধানমন্ডি, জিগাতলা, মগবাজার, মালিবাগ, রামপুরা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বড় বড় শিলা পড়তে থাকে। এসময় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হয়েছে।

মগবাজারের বাসিন্দা তাহমিনা সালমা বলেন, হঠাৎ জানালায় ‘ঠাস ঠাস’ শব্দ শুনলাম। ভারি কিছু যেন জানালায় আঘাত করছে। অঝোর বৃষ্টি হচ্ছিল তখন। বুঝলাম শিলা পড়ছে।

এদিকে রাতে ঝড়-বৃষ্টির কারণে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। রাজধানীর অনেক এলাকার রাস্তায় গাছের ডাল ভেঙে পড়ে। পরে সকালের দিকে তা অপসারন করা হয়। 

সকালে পল্টনে রিকশাওয়ালা হানিফ মিয়া বলেন, বৃষ্টির সঙ্গে শিলা পড়া ভালো লক্ষণ না। গ্রামের ফসলি জমির জন্য শিলাবৃষ্টি ক্ষতিকর। 

এর আগে শনিবার সন্ধ্যায় আবহাওয়া দফতর ঢাকাসহ সাত বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার তথ্য জানিয়ে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন <> জড়িত সবাইকে শাস্তি দেয়া হবে: পুতিন

এদিকে ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শনিবার রাত থেকে রোববার (২৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রাও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়