Apan Desh | আপন দেশ

মারুফার দুর্দান্ত বোলিংয়ের পরেও টাইগ্রেসদের হার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

মারুফার দুর্দান্ত বোলিংয়ের পরেও টাইগ্রেসদের হার

ছবি: সংগৃহীত

নারীদের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিশ্চিত জেতা ম্যাচে ডেথ বোলিংয়ে খেই হারিয়ে হেরেছে টাইগ্রেসরা। দারুণ এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে চলে গেল লঙ্কানরা।

তবে বাংলাদেশ এখনো বাদ পড়েনি। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই সেমিতে যাবে টাইগ্রেসরা।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌসের ওপেনিং জুটিতে এসেছে ৩১ রান। ১০ বলে ১৪ রান করে বিদায় নেন জুয়াইরিয়া।

পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে বাংলাদেশ। দিলারার সাথে যোগ দিয়েছিলেন তিনে নামা সোবহানা মোস্তারী। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন মোস্তারী। দলের ৪৪ রানের মাথাতে ২৬ বলে ২৬ রান করে বিদায় নেন দিলারা।

চারে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৯ বলে ৪ রান করেছেন তিনি। মোস্তারী এক প্রান্ত ধরে রেখে খেলে গেছেন। ৪১ বলে ৩৪ রান করে দলের ৯৩ রানের মাথাতে থামেন তিনি।

এরপর বাকিরা এসে আহামরি কিছু করে দেখাতে পারেননি। ধুঁকতে ধুঁকতে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। সেভাবে রান আসেনি। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল। ১৩ বলে ১৪ রান করেছেন ফাহিমা খাতুন। এ দিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোবহানা মোস্তারী।

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন চামুদি প্রাবোদা। ২ উইকেট তোলেন সুগান্দিকা কুমারি। ১টি করে উইকেট শিকার করেছেন কাভিশা দিলহারি এবং চামারি আতাপাত্তু।

জবাব দিতে নামা শ্রীলঙ্কাকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেছেন চামারি আতাপাত্তু। দলের ৭ রানের মাথাতে ২ বলে ১ রান করা আতাপাত্তুকে সাজঘরে ফিরিয়ে দেন মারুফা আক্তার।

আরও পড়ুন <<>> বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

টিকে থাকা ওপেনার ইমেশা দুলানি ভালোই খেলছিলেন। ১১ বলে ১২ রান করা দুলানিকে বোল্ড করেন মারুফা। পাওয়ারপ্লের মধ্যে আরও ১ উইকেট হারায় শ্রীলঙ্কা। সানজানা কাভেন্দিকে বিদায় করেন সুলতানা খাতুন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২৯ রান তোলে শ্রীলঙ্কা, হারিয়ে ফেলে ৩ উইকেট।

লঙ্কান ব্যাটারদের বেশ চাপে রেখেছিলেন টাইগ্রেস ব্যাটাররা। যে কারণে সেভাবে রান বের করতে পারেনি শ্রীলঙ্কা। ধীর ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস। দলের ৪১ রানের মাথাতে ১৬ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন ভিশ্মি গুনারত্নে। তাকে ফিরিয়েছেন ঋতু মনি।

পরের ওভারেই রানআউট হয়েছে কাভিশা দিলহারি। ৪ বলে ৩ রান করেছেন কাভিশা। ৪৪ রানের মধ্যেই ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

মারুফার পেসে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে বাংলাদেশ। মাঝে কিছুটা লড়াই চালিয়েছেন হার্শিতা সামারাবিক্রমা। আরেক প্রান্তে দাঁড়িয়ে যান নীলাক্ষিকা সিলভাও। দুজনের জুটিটা দারুণভাবে জমে যায়। ৬ষ্ঠ উইকেট জুটিতে চলে আসে ৩৮ রান। জুটি ভেঙেছেন সে মারুফা। ২৩ বলে ১৮ রান করা সিলভাকে বোল্ড করে সাজঘরে ফেরান মারুফা আক্তার। জয়ের পথে আরেকটু এগিয়ে যায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের পথের কাঁটা হয়ে টিকে ছিলেন সামারাবিক্রমা। ১৮তম ওভারে ১৬ রান তুলে খেলা ঘুরিয়ে দেয় শ্রীলঙ্কা। শেষ ২ ওভারে দরকার ছিল মাত্র ১৩ রান, হাতে ৪ উইকেট। ক্রিজে লঙ্কানদের শেষ ভরসা হিসেবে টিকে ছিলেন সামারাবিক্রমা।

১৯তম ওভারে বোলিংয়ে আসেন নাহিদা আক্তার। প্রথম ৫ বলে ৫ রান দিলেও শেষ বলে হজম করেন ছক্কা। সেখানেই যেন ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায় বাংলাদেশের। শেষ ওভারে লঙ্কানদের দরকার ছিল মাত্র ২ রান। ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় শ্রীলঙ্কা। 

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মারুফা আক্তার। ১টি করে উইকেট নেন ঋতু মনি এবং সুলতানা খাতুন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়