ছবি : সংগৃহীত
হেডিংলির পর লর্ডস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেই হেরে টালমাটাল পাকিস্তান ক্রিকেট। টানা দুই টেস্টে হারের ধাক্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের কোচ ও বোলিং কোচকে বরখাস্ত করেছে। একইসঙ্গে ইংল্যান্ড থেকে সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের স্থলাভিষিক্ত ঘোষণা করে স্কোয়াডও দিয়েছে, যেখানে পাঁচ জন নতুন মুখ।
এমন ঘটনায় নির্বাচক মিসবাহ উল হকও পদত্যাগ করেছেন। হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা পাকিস্তান দলে বড় ধরনের রদবদল নিয়ে মুখ খুলেছেন সাবেক দুই অধিনায়ক শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। তারা শুধু নির্বাচনের যৌক্তিকতাই নয়, খেলোয়াড়দের সঙ্গে আচরণ ও মানসিক চাপের বিষয়ও সামনে এনেছেন।
শহীদ আফ্রিদি সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তকে ‘বুঝতে কষ্ট হয়’ বলে মন্তব্য করেছেন। তার মতে, এসব সিদ্ধান্তের পেছনে কী চিন্তা বা কৌশল কাজ করছে, তা স্পষ্ট নয়। বিশেষ করে টেস্ট দলে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ খেলোয়াড়দের ডাকা এবং বিকল্প খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আফ্রিদি বলেন, ইংল্যান্ডে টেস্ট খেলতে এমন খেলোয়াড়দের অন্তর্ভুক্তির পেছনে নির্বাচকদের ভাবনা কী, তা জানা দরকার।
মাত্র পাঁচটি টেস্টের পর কোচকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকেও তিনি বিস্ময়কর বলে উল্লেখ করেছেন। অভিজ্ঞ নির্বাচকদের নেয়া এ সিদ্ধান্তগুলো পাকিস্তান ক্রিকেটের নির্বাচন ও ব্যবস্থাপনা নীতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
একই সঙ্গে সরব হয়েছেন শোয়েব মালিক। তিনি বলেন, দল থেকে বাদ পড়া খেলোয়াড়রাও জাতীয় দলের প্রতিনিধি। তারা পাকিস্তানের হয়ে খেলে অবদান রেখেছেন। তাদের প্রথম সুযোগের ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়ার মতো সিদ্ধান্ত অসম্মানজনক বার্তা দেয়। মালিকের মতে, জবাবদিহি নিশ্চিত করতে হলে তা শুরু হওয়া উচিত দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে। যারা শুধু বেঞ্চে ছিলেন বা দু-তিনটি টেস্ট খেলেছেন, তাদের ওপরই দোষ চাপানো ঠিক নয়।
মালিক আরও বলেন, সফরের মাঝপথে নয়, পুরো সফর শেষ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে জবাবদিহি নিশ্চিত করা উচিত। প্রতিটি খারাপ পারফরম্যান্সের পর খেলোয়াড়দের ওপর যে অতিরিক্ত মানসিক চাপ পড়ে এবং সামাজিক মাধ্যমে সমালোচনা হয়, তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। এভাবে চাপ চলতে থাকলে খেলোয়াড়দের মধ্যে ব্যর্থতার ভয় জেঁকে বসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































