ফাইল ছবি
চলতি বছরের বাকি সময় ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। ভাল ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে টাইগ্রেসরা। সামনেই এশিয়ান গেমস। তারপর বছরের শেষভাগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে খেলবেন লাল সবুজের প্রতিনিধিরা।
তবে এশিয়ার অলিম্পিক খ্যাত আসন্ন এশিয়ান গেমস সামনে রেখে রোমাঞ্চে ভাসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ গেমসে কমপক্ষে ফাইনাল খেলার পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষদের হারানোর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এশিয়ান গেমসের পরপরই সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। পরবর্তীতে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আরেকটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে জ্যোতিদের, যেখানে তারা মুখোমুখি হবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স-আপ স্বাগতিকদের।
নারী ক্রিকেটের অন্যতম শীর্ষ এ তিন দলের বিপক্ষে খেলে নিজেদের মান বাড়াতে চান অধিনায়ক। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার এ সুযোগ নিয়ে জ্যোতি জানান, এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলার স্বপ্ন আমরা সবসময়ই দেখি। এসব দেশে খেললে দক্ষতার অনেক বিকাশ ঘটে। সম্প্রতি ইংল্যান্ডে আমরা যেভাবে খেলেছি এবং যে পারফরম্যান্স দেখিয়েছি, সেটি নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন<<>>নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো শক্তিশালী দলের গ্রুপে থেকেও চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসেও হয়তো আবারো ভারতের মুখোমুখি হতে হতে পারে বাংলাদেশকে। আট দলের এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সে ম্যাচ পার করে শেষ চারে উঠতে পারলে সেখানে প্রতিপক্ষ হিসেবে মিলতে পারে হারমানপ্রীত কৌরের শক্তিশালী ভারতকে।
দেশজুড়ে সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে অনুশীলনে কিছুটা বিঘ্ন ঘটলেও নিজেদের সর্বসেরা প্রস্তুতি নিয়েই জাপানে উড়াল দিতে চান টাইগ্রেস অধিনায়ক। ফাইনাল খেলার স্বপ্ন বুনে জ্যোতি বলেন, গত এশিয়া কাপের চেয়েও যেন ভালো কিছু করা যায়, সেভাবেই আমরা প্রস্তুতি নিতে চাই। যদিও বৃষ্টির কারণে দেশের প্রায় সব মাঠেই অনুশীলন কঠিন হয়ে পড়েছে, তবুও আমরা এর মধ্যেই নিজেদের সেরাটা গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই থাকবে ফাইনাল খেলা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































