ফাইল ছবি
চলতি বছরের নভেম্বরের ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এ টুর্নামেন্ট সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই অংশ হিসেবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চিন্তা ভাবনা চলছে।
জাতীয় দলের র্যাংকিং উন্নতির পাশাপাশি টুর্নামেন্টের প্রস্তুতি জোরদার করতেই এ উদ্যোগ নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রতিপক্ষ কিংবা ম্যাচের ভেন্যু সম্পর্কে এখনই কিছু জানাননি।
তাবিথ বলেন, সেপ্টেম্বর উইন্ডোর আগে আমরা ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করব। ২১ সেপ্টেম্বর শুরু হওয়া ওই উইন্ডোতে চারটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। র্যাংকিং উন্নত করা এবং সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হবে।
জার্মান-আমেরিকান কোচ টমাস ডুলির তত্ত্বাবধানে জাতীয় দল নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আরও দুই সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার এ শীর্ষ টুর্নামেন্ট।
তবে জাতীয় দলের প্রস্তুতির পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ক্লাব ফুটবলের পরিস্থিতি। আগামী ২১ আগস্ট বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও, জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের এ দুই ক্লাব এখনো প্রাক-মৌসুম অনুশীলন শুরু করতে পারেনি।
ফিফার আরোপিত নিবন্ধন নিষেধাজ্ঞার কারণে দল গঠনে ব্যস্ত রয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী। ফলে জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়েও উদ্বেগ রয়েছে।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
এ প্রসঙ্গে তাবিথ বলেন, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি খেলোয়াড়দের চোট, খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়মিত পর্যবেক্ষণ করছে। আমরা শুধু দুটি ক্লাবের ওপর নির্ভর করতে পারি না, তাই নিজেরাই এ উদ্যোগ নিয়েছি।
বর্তমানে শুধু ফোর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি অনুশীলন শুরু করেছে বলে জানিয়ে তিনি আরও বলেন, আমরা আশা করছি, ০১ আগস্টের মধ্যে বেশিরভাগ ক্লাব দল গঠন সম্পন্ন করে অনুশীলনে নেমে পড়বে।
আগামী ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৪ নভেম্বর, অথচ নভেম্বরের ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর। ফলে টুর্নামেন্টের শুরুতে বিদেশভিত্তিক ফুটবলারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তাবিথ বলেন, যদি ফিফা উইন্ডো শুরুর আগেই সাফ শুরু হয়, তাহলে বিদেশি ক্লাবে খেলা ফুটবলারদের ছাড়া আমাদের টুর্নামেন্ট শুরু করতে হবে। সে পরিস্থিতির জন্যও আমরা প্রস্তুত।
এর ফলে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালিতে খেলা ফাহামেদুল ইসলাম সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর দিকের ম্যাচগুলো মিস করতে পারেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































